টঙ্গীতে ৮ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় প্রথম পর্বের বিশ্ব ইজতেমা উপলক্ষে সরকারি ভাবে ব্যাপক নিরাপত্তা ও সেবাদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগত মুসল্লিদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে এরই মধ্যে জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। ইজতেমা শুরুর আগের দিন অর্থাৎ ৭ জানুয়ারি থেকে ইজতেমা চলাকালীন সময় পর্যন্ত গাজীপুরে কর্মরত স্বাস্থ্য বিভাগের সব চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী এই সিদ্ধান্তের আওতাভুক্ত।

গাজীপুর সিভিল সার্জন মোহাম্মদ আলী হায়দার খান জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে ৫০ শয্যা বিশিষ্ট টঙ্গী সরকারি হাসপাতালকে একশ’ শয্যায় উন্নীত করা হয়েছে। এ ছাড়া জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে হৃদরোগ বিভাগ, অর্থোপেডিক ও ট্রমা সেন্টার এবং অ্যাজমা ও বক্ষব্যাধি ইউনিট খোলা হয়েছে। হাসপাতালে ১৪টি অ্যাম্বুলেন্স স্ট্যান্ডবাই থাকবে। ইজতেমা মাঠ সংলগ্ন মন্নু গেইট, বাটা গেইট, এটলাস হোন্ডা গেইট এবং বিদেশি নিবাস এলাকায় চারটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে মুসল্লিদের চিকিৎসা দেওয়া হবে।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১৫টি স্যানিটেশন টিম এবার ইজতেমা মাঠের আশপাশ এলাকার হোটেল ও রেস্তোরাঁয় যাতে মান সম্মত খাবার পরিবেশন করা হয় সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে মন্নুনগরসহ ইজতেমা ময়দানের আশেপাশের এলাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন মুসল্লিদের স্বাস্থ্যসেবা দিতে ফ্রি-মেডিক্যাল ক্যাম্প স্থাপন করছে।
/টিএন/








