জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ শেষে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করেছে আদালত।
আজ বৃহস্পতিবার মামলার ৩৪ সাক্ষীর মধ্যে ৩২ নং সাক্ষী, বাদী ও তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন অর রশিদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ ঘোষণা দেয়।
ঢাকার বকশী বাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে তার সাক্ষ্য নেওয়া হয়।
সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হলে দুই মামলায়ই খালেদা জিয়ার পক্ষে অনুপস্থিতির জন্য আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। আদালত খালেদার অনুপস্থিতির আবেদন মঞ্জুর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের আদেশ দেন।
এ ছাড়া অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নাল আবেদীন মেজবাহ ও তাহেরুল ইসলাম তৌহিদ খালেদা জিয়া অসুস্থতার কারণে সময়ের আবেদনও করেছেন। আদালতে তা মঞ্জুর করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
/টিএইচ/এসটি/এফএইচ/








