রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হল সংলগ্ন একটি পুকুর থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পুকুরে মাছের খাবার দেওয়ার সময় শেলটি দেখতে পান মেহেরচণ্ডী এলাকার মাছচাষি শরীফ। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন।
বিষয়টি নিশ্চিত করে নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘পুলিশ এসে শেলটির একটি জব্দ তালিকা তৈরি করে। বর্তমানে বদ্ধভূমি এলাকার পুলিশ বক্সের পাশে ঘিরে রাখা হয়েছে সেটি।’
তিনি আরও বলেন, ‘র্যাবকে খবর দেওয়া হয়েছিল। র্যাব-৫-এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মর্টার শেলটি মুক্তিযুদ্ধকালীন বলে ধারণা তাদের।’
দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিন দেখা যায়, বদ্ধভূমির পাশে পুলিশ বক্স সংলগ্ন এলাকায় মর্টার শেলটি পড়ে আছে। চারদিক ঘিরে রাখা হয়েছে। পাশে অবস্থান করছেন র্যাব ও পুলিশ সদস্যরা। সেখানে কথা হয় র্যাব সদস্য নাজমুলের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকায় খবর দেওয়া হয়েছে। এক্সপার্টরা এসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।’
প্রসঙ্গত, ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প। সম্প্রতি হলের পূর্বপাশে পুকুর খননের কাজ শুরু হয়েছে। খননের মাটি দিয়ে পাশ্ববর্তী পুকুরের পাড় বাঁধানো হয়েছে। অনেকের ধারণা মাটির সঙ্গে মর্টার শেলটি চলে গেছে পুকুরে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘মর্টার শেলটি এখন ঘিরে রাখা হয়েছে। আগামীকাল ঢাকা থেকে র্যাবের এক্সপার্টরা আসবেন বলে জানতে জানতে পেরেছি। তখন তারা এটি নিষ্ক্রিয় করবেন।’ এটি মুক্তিযুদ্ধের সময়কার বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান অধ্যাপক লুৎফর রহমান।









