সংস্কৃতি চর্চার অভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হত্যার মতো অপরাধে জড়াচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। দেশে যেভাবে সংস্কৃতির চর্চা করা উচিত সেভাবে করা হচ্ছে না বলেও উল্লেখ করেন মন্ত্রী।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী বঙ্গ-সংস্কৃতি উৎসব উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘আজকের যুগে সংস্কৃতি চর্চাটা তেমন হচ্ছে না। ষোল কোটি মানুষের দেশে যেভাবে সংস্কৃতির চর্চা করা উচিত সেভাবে করা হচ্ছে না। এক সময় বাড়ি বাড়ি হারমোনিয়ামের আওয়াজ পাওয়া যেতো, এখন পাওয়া যায় টেলিভিশনের আওয়াজ। এই অবস্থাটার জন্য আমরাই দায়ী।’
তিনি বলেন, ‘নবী-রাসূলরা যে মানবপ্রেমের শিক্ষায় ইসলাম ধর্ম প্রচার করেছিলেন সেটি যদি মাথায় থাকে তাহলে ধর্মের নামে কোনও মুসলমানের পক্ষেই কাউকে হত্যা করা সম্ভব নয়।’
মন্ত্রী বলেন, ‘আজকের যুগের মা-বাবা, শিক্ষকরা বাচ্চাদের ওপর জিপিএ-ফাইভ নির্যাতন চালায়। জিপিএ ফাইভ পেতে মা-বাবা, শিক্ষকদের কী যে প্রানান্তকর চেষ্টা! যেন এটা না পেলে জীবন ব্যর্থ।’
ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ ও চিনাইর আঞ্জুমান আরা স্কুলের যৌথ উদ্যোগে বঙ্গ-সংস্কৃতি উৎসব শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর ও চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মাঠে প্রতিদিন উৎসব চলবে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও উৎসব উদযাপন পর্ষদের চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির পরিচালক অ্যাডভোকেট আবু তাহের। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, ত্রিপুরার কবি দিলীপ দাস, উপমহাদেশের বিশিষ্ট বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে কবি কাজী রোজী এমপি, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, আবৃত্তিকার গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।
উৎসবের উদ্বোধনী দিনে নাট্য ব্যক্তিত্ব আলী যাকের, উপমহাদেশের বিশিষ্ট বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম ও বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। তবে শারিরিক অসুস্থতার কারণে আলী যাকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
/এফএস/








