ফরিদপুর সদরের কোমরপুরে ঢাকা-ফরিদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৪ জুন) বিকাল ৪টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বরিশালগামী বিআরটিসির বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন– প্রাইভেটকারের চালক গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার জাহিদ হোসেন (৪৫) এবং পথচারী জেলার সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের সবিরুন খাতুন (৫৫)।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ জানান, প্রাইভেটকারটি মহাসড়কের মুসলিম মিশনের সামনে পৌঁছালে সবিরুন নামে এক পথচারীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক জাহিদ মারা যান। প্রাইভেটকারের ধাক্কায় পথচারী সবিরুন খাতুন (৫৫) মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এছাড়া গুরুতর আহত প্রাইভেটকারের মালিক জাহাঙ্গীর হোসেনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।









