গত কয়েকদিন ধরেই সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে পাহাড় ধসে পড়তে পারে- এমন আশঙ্কায় পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
শনিবার জেলা শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে বলা হয়, ভারী বৃষ্টি হলেই বসবাসকারীরা যেন দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যায়। ঝুঁকিপূর্ণ স্থান থেকে বসতঘর সরিয়ে নিরাপদে সরিয়ে নিতেও অনুরোধ করা হয়। এছাড়া সবাইকে অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার জন্যও বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ মে রাঙ্গামাটিতে পাহাড় ধসে প্রাণহানি রোধে আগাম প্রস্তুতি হিসেবে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সাইনবোর্ড স্থাপন এবং স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, টানা কয়েকদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। প্রস্তুতি হিসেবে শহরে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি শহরে ৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ১০টি উপজেলাতেও একই কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, আমরা গত কয়েকদিন আগে থেকে শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি। এছাড়া সবাইকে সচেতন করার কাজ করছি।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৩ জুন রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১২০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছিলেন। এছাড়া প্রতিবছরই এই জেলা পাহাড় ধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।









