বগুড়ার ধুনটে যমুনা নদীর বানিয়াজান স্পারের কাছে ড্রেজার মেশিন বসিয়ে প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে। এতে স্পার ও গুচ্ছগ্রামসহ ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসী জানান, ধুনট উপজেলার পূর্ব পাশে যমুনা নদী। রাক্ষুসী যমুনার ভাঙ্গন ঠেকাতে প্রতিবছর সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দেয়। এরপরও ভাঙন বন্ধ হচ্ছে না। ধুনট উপজেলার বানিয়াজান স্পারের গোড়ালি থেকে কৈয়াগাড়ী পর্যন্ত ৪২ কোটি টাকা ব্যয়ে নদীর ডান তীরে ১২শ’ মিটার সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে। ওই প্রকল্পের বানিয়াজান স্পারের উত্তর পাশে এক প্রভাবশালী যমুনার বুকে ড্রেজার মেশিন বসিয়ে গত এক সপ্তাহ ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। তিনি ওই কাজের ঠিকাদার লিয়াকত আলীর কাছে এ বালু বিক্রি করছেন।
এ ব্যাপারে উপজেলার শহড়াবাড়ি গ্রামের মোজাফফর হোসেন, আব্দুর রহমান ও আব্দুল জলিল বলেন, যমুনা নদীতে বর্তমানে পানি নেই। তাই ড্রেজার মেশিন বসানোর কারণে নদী ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদী ভাঙ্গন ঠেকাতে সরকারের বরাদ্দ কোটি টাকার প্রকল্প যমুনার জলে ভেসে যাবে।
তারা ঠিকাদারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ করে আরও বলেন, নিয়ম অনুযায়ী যমুনার চর থেকে বালু উত্তোলনের কথা। কিন্তু ঠিকাদার যমুনার তীরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। এতে যমুনার তীরে ভাঙ্গন দেখা দিয়েছে।
ঠিকাদারের ম্যানেজার টিটু মিয়া সাংবাদিকদের বলেন,প্রকল্পের কাজের জন্য বালু উত্তোলন করা হচ্ছে। এতে তেমন কোনও ক্ষতি হবে না।
বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হারুনার রশিদ জানান,যমুনার মাঝখান থেকে বালু তুলে নদীর তীরে আনলোড করা হচ্ছে। এতে প্রকল্পের কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।
/জেবি/এফএস/








