প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ করে চলছে বলে মন্তব্য করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। রবিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব শহীদ চত্বরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন।
কাজী নাবিল বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের কারণে জাতির পিতার কাজ আর এগোতে পারেনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনিচক্রের হাতে নির্মমভাবে প্রাণ হারান বাংলার এই মহানায়ক ও তার পরিবারের সদস্যরা। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করতে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন।’
তিনি আরও বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি যশোরেও বড় ধরনের উন্নয়ন কার্যক্রমের নজির এ বছরের মধ্যেই দৃশ্যমান হবে।’
যশোর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবুল হোসেন। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, হায়দার গণি খান পলাশ, বাবু মোহিত কুমার নাথ, মহিলা লীগ নেতা লাইজু জামান প্রমুখ।
/এআর/ এইচকে/








