২০১৬ সালের হজ প্যাকেজ নীতিমালার খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। ডলারের দাম বেড়ে যাওয়ায় এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ ছয় থেকে আট হাজার টাকা বাড়ছে। সোমবার মন্ত্রী পরিষদের বৈঠক শেষে পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৬ এবং হজ প্যাকেজ ২০১৬-এর খসড়া অনুমোদিত হয়। মোট আটটি এজেন্ডা নিয়ে বৈঠক হয়।
মন্ত্রী পরিষদ সচিব জানান, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে তিন লাখ ৬০ হাজার ২৮ টাকা লাগবে। কোরবানির খরচ বাদে জমা দিতে হবে তিন লাখ ৪২ হাজার ৯০৩ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় ট্রাভেল এজেন্সিগুলো নিজেদের মতো করে প্যাকেজ নির্ধারণ করবে। তবে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মৌলিক অভিন্ন খরচ নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৮ হাজার টাকা।
এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ১৩ হাজার ৮৬৮ জনের হজের অনুমোদন দিয়েছে সৌদি আরব। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন পাঁচ হাজার জন। বাকিদের বেসরকারি ব্যবস্থাপনায় যেতে হবে।
আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এ বছর হজে গমনেচ্ছুদের সব খরচ ব্যাংকের মাধ্যমে করতে হবে বলেও জানিয়েছেন সচিব। হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে।
মন্ত্রিসভার এ সপ্তাহের বৈঠকে অন্য এজেন্ডাগুলোর মধ্যে অন্যতম ছিল- ৩৪ তম বিসিএস পরীক্ষায় কারিগরি/পেশাগত ক্যাডারে অপূরণকৃত ৬৭২টি পদ পূরণ এবং ৩৫ তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৮০৩টি পদ পূরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারির স্মারকের শর্ত এককালীন শিথিলের প্রস্তাব অনুমোদন। ৩৪ তম বিসিএসের শূন্য পদগুলো পূরণে মেধা তালিকা থেকে প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে।
/ওএফ/এফএস/এফএ/







