করোনা রোগীর অক্সিজেনের চাহিদা মেটাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে একটি হাই ফ্লো অক্সিজেন ডিভাইস ও ন্যাসাল ক্যানুলা হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুন্সীবাড়ি পরিবারের পক্ষ থেকে এই মেশিন হস্তান্তর করা হয় হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের কাছে। ওই পরিবারের পক্ষ থেকে দু-এক দিনের মধ্যে আরও একটি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা দেওয়া হবে বলে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন– জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাখাওয়াত হোসেন, মুন্সীবাড়ি পরিবারের পক্ষে মঈন মাসুদ ও আমির হোসোন মুন্সী, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি ও জিটিভির জেলা প্রতিনিধি শহীদ ই হাসান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর, মঈনুদ্দীন সুমন, শেখ মো. রতন, জুয়েল রানা প্রমুখ।
গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হাই ফ্লো অক্সিজেন ডিভাইস প্রয়োজন’ এমন একটি পোস্ট করেন স্থানীয় সাংবাদিক শহীদ-ই-হাসান তুহিন। তার পরিপ্রেক্ষিতে মুন্সীবাড়ির মইন মাসুদ এ উদ্যোগ নেন।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. মো. জোবায়ের বলেন, ‘ন্যাসাল ক্যানুলার অভাবে গুরুতর অনেক রোগীকে চিকিৎসা দেওয়া যায়নি। তাদের ঢাকায় রেফার করা হয়েছে। তবে শুধু হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা দিয়ে গুরুতর রোগীর চিকিৎসা সম্ভব হবে না। হাসপাতালে কোনও আইসিইউ নেই। আইসিইউ লাগবে ও পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ চিকিৎসকও লাগবে।’









