নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে রাতের আঁধারে পালিয়ে যাওয়ার সময় ৪১ রোহিঙ্গাসহ ট্রলারডুবির ঘটনায় এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিশুটির নাম আবুল হাফেজ (১০)। সে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নং ক্লাস্টারের কে-৭ নং কক্ষের বাসিন্দা আমির হামজার ছেলে।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘আজ বিকাল সাড়ে ৫টায় নৌবাহিনীর সদস্যরা উদ্ধার হওয়া শিশুর লাশ হস্তান্তর করেন। এর আগে, শনিবার রাতে আবদুর রহমান (৩৫) নামে নিখোঁজ এক রোহিঙ্গাকে জীবিত অবস্থায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীরহাট এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ নারী, পুরুষ ও শিশু নিখোঁজ রয়েছেন।’
উল্লেখ্য, শুক্রবার রাত ১১টায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ক্লাস্টার থেকে এই ৪১ জন রোহিঙ্গা নারী ও শিশু ইঞ্জিনচালিত একটি মাছ ধরার ট্রলার যোগে পালিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন। রাত আনুমানিক দেড়টা থেকে ২টার মধ্যে ভাসানচর থেকে ২০ কিলোমিটার দূরে চট্টগ্রাম ও হাতিয়া উপজেলার মধ্যবর্তী এলাকায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় নারী পুরুষ ও শিশুদের চিৎকার শুনে আশপাশের মাছ ধরার জেলেনৌকা এগিয়ে এসে ১৪ জনকে জীবিত উদ্ধার করেন। বাকিরা স্রোতের তোড়ে ভেসে যান। উদ্ধার হওয়া আহত রোহিঙ্গাদের জেলেরা শনিবার সকালে ভাসানচর ক্যাম্পে পৌঁছে দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম জানান, নিখোঁজ রোহিঙ্গাদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।









