নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে দুই দিন বয়সী এক নবজাতক চুরির ২৪ ঘণ্টা পার হলেও এখনও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় একজনকে হাসপাতাল এলাকা থেকে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘নবজাতক শিশু চুরির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এতে জড়িত সন্দেহে তুহিন নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তা যাচাই-বাছাই করা হচ্ছে।’
নবজাতক শিশুটি নোয়াখালী পৌরসভার কৃষ্ণরামপুর এলাকার মো. আবদুল মালেক ও জুলেখা বেগমের ছেলে। বুধবার রাত ৮টায় হাসপাতালের ২ নম্বর ওয়ার্ড থেকে এই চুরির ঘটনা ঘটে। সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক শিশুটির জন্ম হয়।
নবজাতকের মা জুলেখা বেগম জানান, তিনি বুধবার রাতে তার সন্তানকে বেডে রেখে টয়লেটে যান। টয়লেট থেকে এসে দেখেন তার সন্তানটি বেডে নেই। এরপর হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজে সন্তানের সন্ধান পাননি। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। সন্তান হারিয়ে মা জুলেখা বেগম এখন পাগলপ্রায়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, বিষয়টি সুধারাম মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।









