আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫১তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শনিবার ইজতেমায় পবিত্র কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ইজতেমা কর্তৃপক্ষ জানিয়েছে।
মোনাজাতের আগে অনুষ্ঠিত হবে হেদায়তি বয়ান। বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি দিল্লির হযরত মাওলানা সা’দ আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে।
মোনাজাতে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে। বিদেশি অতিথিদের তাঁবুর পূর্বপাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকেই রবিবার সকালে শুরু হবে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাতে প্রায় ২০/২৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকদের ধারণা।
আখেরি মোনাজাত উপলক্ষে মুসল্লিদের সুবিধার্থে রবিবার ভোররাত থেকে ওই এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে। এবারের বিশ্ব এজতেমা নজীরবিহীন নিরপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১২ হাজার র্যাব ও পোশাকধারী পুলিশের পাশপাশি রয়েছে সাদা পোশাকে প্রায় ৩ হাজার গোয়েন্দা সদস্য। আকাশ ও নৌপথে রয়েছে র্যাবের সতর্ক নজরদারি।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে ২৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা উপলক্ষে এসব ট্রেনে অতিরিক্ত বগি সংযোগ করা হয়েছে। এছাড়া আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে। টঙ্গী রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, দ্বিতীয় পর্বে ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত কয়েকটি বিশেষ ট্রেন চলবে।
বিদেশিসহ দুই মুসুল্লীর মৃত্যু ॥
বার্ধক্যজনিত কারণে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা মালয়েশিয়ার নাগরিক শাহিদান ইব্রাহিম (৪৮)সহ দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে এবারের দু’পর্বের বিশ্ব এজতেমায় মোট ১২ মুসল্লির মৃত্যু হয়েছে ।
এদিকে রেওয়াজ অনুযায়ী, বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন বাদ আছর ইজতেমা ময়দানে কণের অনুপস্থিতিতে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। তবে এবার প্রথম পর্বের মতো ইজতেমার দ্বিতীয় পর্বেও ওই বিয়ের আয়োজন করা হয়নি।
এ প্রসঙ্গে ইজতেমা আয়োজক কমিটির সদস্য গিয়াস উদ্দিন জানান, ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হলে তা কেবল এখানে আসা মুসুল্লিরা জানতে পারেন। এলাকার লোকজন এমনকি তাদের অনেক স্বজনও তা জানতে পারেন না। এজন্য এবার থেকে ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ের জন্য তালিকা ভুক্ত হলেও তাদের নিজ নিজ এলাকায় গিয়ে ওই বিয়ের আয়োজন করতে বলা হয়েছে।
/জেবি/এসটি/








