ঢাকার আমিনবাজারের তুরাগ নদীতে তিনটি বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিম এন্টারপ্রাইজ নামে একটি সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবে গেছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল বাশার জানান, রবিবার (১০ অক্টোবর) বিকালে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার নারায়ণগঞ্জ থেকে আকিজ গ্রুপের সিমেন্টভর্তি একটি বাল্কহেড আমিনবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয় । এ সময় খালি আরেকটি বাল্কহেডের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হলে সিমেন্টভর্তি বাল্কহেডটি ডুবে যায়।
ঘটনাস্থল থেকে নৌ-পুলিশ বালু বোঝাই ও খালি বাল্কহেড দুটি আটক করেছে।
এর আগে শনিবার (৯ অক্টোবর) সকালে তুরাগ নদীতে একই এলাকায় বাল্কহেডের সঙ্গে একটি নৌকার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নৌকাটি তলিয়ে গেলে ১৮ যাত্রী ডুবে যান। সাঁতরে ১০ জন পাড়ে উঠলেও বাকিরা তলিয়ে যান। পরে ডুবুরিরা চার শিশুসহ পাঁচ জনের লাশ উদ্ধার করেন।








