লক্ষ্মীপুরে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে তিন লাখ শিক্ষার্থী স্কুল হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ পাবে। মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে জেলার রামগতি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের চর বাদাম দক্ষিণ পশ্চিম চরসীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০৪ জন শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে ‘স্কুল হেলথ কার্ড’ বিতরণ ও স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাঈন আকন্দ।
জেলা প্রশাসন সূত্র জানায়, আগামী তিন মাসের মধ্যে এই সাড়ে তিন লাখ শিক্ষার্থীর মাঝে স্কুল হেলথ কার্ড বিতরণ করা হবে। হেলথ কার্ডে শিক্ষার্থীদের উচ্চতা, ওজন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুষ্টিগত অবস্থা, শারীরিক সমস্যা, দৃষ্টি পরীক্ষা, রক্তশূন্যতা, পালস্ ও হার্টবিটসহ সামগ্রিক বিষয় উল্লেখ থাকবে।
জেলা প্রশাসক বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে স্কুলভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম রয়েছে। আমরাও শুরু করেছি। শিক্ষার্থীরা যাতে শিক্ষার পাশাপাশি মানসিক ও শারীরিকভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য এ কার্যক্রম শুরু করা হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– জেলা সিভিল সার্জন ড. আব্দুল গাফফার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নূর এ আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ড. আশফাকুর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, চর বাদাম ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসীম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক নিজাম উদ্দিন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এসএম আমির ফায়সাল।









