ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের ভোট গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে এ ভোটাভোটির ফল ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাচন বোর্ডের আহ্বায়ক মাস্টার আলী হায়দার।
এর আগে একই দিন বিকালে এই ১২ ইউপির প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক দলীয় প্রার্থী মনোনয়নে নিজেদের ভোট প্রয়োগের মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করেন।
ফেনী পৌর মিলনায়তনে অনুষ্ঠিত তৃণমূলের ভোটে নির্বাচিত আওয়ামী লীগের এসব চেয়ারম্যান প্রার্থীরা হলেন শর্শদি ইউনিয়নে (বর্তমান চেয়ারম্যান) জানে আলম ভূঁঞা, পাঁচগাছিয়া ইউনিয়নে (ফেনী জেলা পরিষদের সদস্য) মাহবুবুল হক লিটন, ধর্মপুর ইউনিয়নে (বর্তমান চেয়ারম্যান) শাহাদাত হোসেন শাকা,
কাজীরবাগ ইউনিয়নে (বর্তমান চেয়ারম্যান) কাজী বুলবুল আহমেদ সোহাগ, কালীদহ ইউনিয়নে (জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক) দেলোয়ার হোসেন ডালিম, ধলিয়া ইউনিয়নে (বর্তমান চেয়ারম্যান) আনোয়ার আহাম্মদ মুন্সি, লেমুয়া ইউনিয়নে (বর্তমান চেয়ারম্যান) মোশাররফ উদ্দিন নাসিম, ছনুয়া ইউনিয়নে (বর্তমান চেয়ারম্যান) করিম উল্যাহ, মোটবী ইউনিয়নে (বর্তমান চেয়ারম্যান) হারুন অর রশিদ, ফাজিলপুর ইউনিয়নে (বর্তমান চেয়ারম্যান) মুজিবুল হক রিপন ও ফরহাদনগর ইউনিয়নে (বর্তমান চেয়ারম্যান) মোশাররফ হোসেন টিপু, বালিগাঁও ইউনিয়নে (বর্তমান চেয়ারম্যান) মোজাম্মেল হক বাহার।
নির্বাচন বোর্ডের সদস্য সচিব (জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক) একে শহীদ উল্যাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের জন্য ৪৩ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে আবেদন করেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে প্রস্তাবনা পাঠানোর জন্য বুধবার বেলা ৩টা থেকে রাত পর্যন্ত তৃণমূল নেতাদের মাঝে ভোটাভোটি অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রতিটি ইউনিয়নের ২০ জন ভোটারের সর্বাধিক ভোটে এগিয়ে থাকা ব্যক্তির নামে নৌকা প্রতীক বরাদ্ধের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রে প্রস্তাবনা পাঠানো হয়েছে।









