চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে অপহৃত কলেজ ছাত্র রনি ওরফে মুন্নুকে (১৭) দীর্ঘ ৩২ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় রাজশাহী শহরের একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানার ওসি শেখ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি শেখ আতিয়ার রহমান জানান, গত সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ঘোলদাড়ী-পাইকপাড়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে এবং আলমডাঙ্গা কলেজের বিএ ১ম বর্ষের ছাত্র রনি ওরফে মুন্নুকে শান্তিনিকেতন ছাত্রবাস থেকে একই ছাত্রাবাসের রিংকু বেড়াতে যাওয়ার নাম করে অপহরণ করে নিয়ে যায়। এরপর সন্ধ্যায় অপহৃত রনির মোবাইল ফোন দিয়ে তার বাবার কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ না করলে হত্যার হুমকি দেওয়া হয়।
এ খবর মঙ্গলবার সকালে আলমডাঙ্গা থানা পুলিশকে অবহিত করলে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানা পুলিশ রাজশাহী মেট্রো পুলিশের সহযোগিতায় শহরের জনৈক অটো চালকের বাড়ি থেকে তাকে উদ্ধার করে।
অপহৃত রনির বাবা তোফাজ্জেল হোসেন জানান, চাঁদার দাবিতে ইতোপূর্বে তার বাড়িতে দুইবার বোমা হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা।
/আরএ/








