পাবনার সুজানগর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বিধি অনুযায়ী আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের সব পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া নির্বাচনের সময়ে কোনও বিদ্রোহী প্রার্থীর পক্ষে বা দলের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনি প্রচার-প্রচারণা এবং অসহযোগিতার প্রমাণ পাওয়া গেলেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অব্যাহতি পাওয়া প্রার্থীরা হলেন– সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন। দুলাই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, মানিকহাট ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী মল্লিক, হাটখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ খান এবং উপজেলা আওয়ামী লীগ সদস্য আজাহার আলী শেখ, ভায়না ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ওমর ফারুক, নাজিরগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সদস্য টিপু আলী মুন্সি, একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার লিমন, সাগরকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী শেখ এবং ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ডা. টিপু সুলতান, আহমেদপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও ইউপি আওয়ামী লীগ কর্মী মাহবুবুর রহমান হিরা, তাঁতিবন্দ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রজ্জাক খান রাজা।
প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর এই উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।









