ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করতে যাওয়ার পথে ‘অপহরণের শিকার’ চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন আদালত। আদালতের আদেশের কপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছালে ওই প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা দিয়ে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
শনিবার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল হক কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ঘোড়া প্রতীক পেয়েছেন। আব্দুল হক একজন বীর মুক্তিযোদ্ধা এবং কুড়িগ্রাম জেলা পরিষদের সদ্য ইস্তফা দেওয়া সদস্য।
এর আগে গত ৭ নভেম্বর সকালে জেলা শহরের পাওয়ার হাউজ মোড় (নেস্কো) এলাকা থেকে ‘অপহরণের’ শিকার হন আব্দুল হক। এ খবর ছড়িয়ে পড়লে তার কর্মী-সমর্থক ও এলাকাবাসী সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ করে। শুরু হয় পুলিশি তৎপরতা। পরে অপহরণকারীরা আব্দুল হককে তার এক আত্মীয়ের বাড়িতে রেখে পালিয়ে যায়। পুলিশ আব্দুল হককে উদ্ধার করে এবং পুলিশি নিরাপত্তা ব্যবস্থায় তিনি আপিল আবেদন দাখিল করেন।
আব্দুল হক জানান, রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করলে তিনি ওই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেন। কিন্তু আপিল করতে যাওয়ার পথে তিনি প্রতিপক্ষের নেতাকর্মী দ্বারা অপহরণের শিকার হন। পরে তিনি মুক্ত হয়ে আপিল আবেদন করলেও আপিল কর্তৃপক্ষ তা খারিজ করে দেয়। এরপর তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।
এ বিষয়ে আব্দুল হক বলেন, ‘উচ্চ আদালত আমার মনোনয়নপত্রের বৈধতার আদেশ দিয়েছেন। আমি সেই আদেশের কপি রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করি। পরে গত ১২ নভেম্বর আমাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আমি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমি সবার দোয়া চাই।’ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন এই বীর মুক্তিযোদ্ধা।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কাঁঠালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে রেদওয়ানুল হক দুলাল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল হক ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে ভোটার সংখ্যা্ ২৪ হাজার ৭৫৯। আগামী ২৮ নভেম্বর সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।









