সিলেট নগরীর শামীমাবাদে নিহত ছাত্রলীগ কর্মী ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র কাজী হাবীবুর রহমান হাবীব হত্যার ঘটনায় ছাত্রলীগ ক্যাডার হোসেন আহমদ সাগরসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই কাজী জাকির হোসেন বাদী হয়ে বুধবার এ মামলা দায়ের করেন।
কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় এজাহার নামীয় ১১ জন এবং অজ্ঞাত আরও ১৪/১৫ জনকে আসামি করা হয়েছে।
তিনি বলেন, বুধবার দুপুরে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে, সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
নিহত হাবীব কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার রাণীগঞ্জ গ্রামের কাজী সিদ্দিকুর রহমানের পুত্র। মঙ্গলবার রাত ১১টায় নগরীর নয়াসড়ক মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ছাত্রলীগ কর্মী হাবীবকে কুপিয়ে আহত করে হোসাইন আহমদ সাগরের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী। সে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।
/আরএ/








