লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে এক মাদ্রাসা শিক্ষার্থী কিশোরীকে (১৪) অপহরণের সময় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে জেলার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসের দিঘির পাড় থেকে তাদের আটক করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক ও পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তারা জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পাইপগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
আটকরা হলো– জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদুহিতা গ্রামের আলীর ছেলে রাসেল (২২), দেওপাড়া গ্রামের শামসুল হুদার ছেলে রবিউল আলম (১৯), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত মাহফুজুর রহমানের ছেলে আরিফ (২৪), হায়দারের ছেলে শাওন (২০) ও শহীদুল ইসলামের ছেলে মোরশেদ আলম (২৪)।
চরশাহী ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন বাবলু বলেন, ‘তিনটি সিএনজি অটোরিকশা যোগে আনুমানিক ১৫ জন লোক অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরীকে নিয়ে যায়। পরে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে তাদের ধাওয়া করে প্রায় তিন কিলোমিটার দূরে দাসের দিঘিরপাড় এলাকায় স্থানীয়দের সহযোগিতায় একটি সিএনজিকে আটক করা হয়। সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। ওই সিএনজিতে মেয়েটিসহ এবং পাঁচ জন অপহরণকারী ছিল। তাৎক্ষণিক পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে।’









