বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কেএম শহিদুল্লাহ ৬ সপ্তাহের জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি জেলা জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক মো. আনোয়ারুল হক তার আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি বরিশাল সিটি কর্পোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ কেএম শহীদুল্লাহকে র্যাব প্রথমে আটক করে। পরবর্তীতে তার বাসভবন তল্লাশি করে র্যাব একটি বেআইনি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
পরে ওই অস্ত্র এবং গুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদে তিনি কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন র্যাব-৮’র ডিএডি সিকদার আশরাফুর রহমান।
প্যানেল মেয়র শহীদ নগরীর ১২ নং ওয়ার্ড থেকে চারবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সিটি কর্পোরেশনের একবার প্যানেল মেয়র-১ ও দুই বার প্যানেল মেয়র-২ হিসেবেও তিনি মনোনীত হন।
/টিএন/








