ময়মনসিংহের ত্রিশালে বাস-ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ওই বাসের চালক এবং হিমেল (২৫) নামে এক বাসযাত্রী।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন জানান, ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাট যাচ্ছিল ইমাম পরিবহনের একটি বাস। বাসটি এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ট্রাককে অতিক্রম করতে গিয়ে ধাক্কা দিয়ে একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এরপর রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত পাঁচ জনকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
নিহত বাসচালকের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।









