যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্ত এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি ১৪ লাখ ৭০ হাজার পিচ আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকারের ভারতীয় ট্যাবলেটসহ দুই চোরাচালানিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল সীমান্তের কাগজ পুকুর নামক গ্রামে অভিযান চালিয়ে থেকে এসব ওষুধ আটক করা হয়। যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী সরকার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।
আটককৃতরা হলেন, যশোরের পালবাড়ি এলাকার মজনু সর্দারের ছেলে হাবিবুর রহমান (২৪) ও পুরাতন কসবা এলাকার সুরাব হাওলাদারের ছেলে তরিকুল ইসলাম (২৬)।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে সীমান্ত পথে ভারত থেকে চোরাকারবারীরা বিপুল পরিমাণে আমদানি নিষিদ্ধ ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোলের কাগজপুকুর থেকে যশোরগামী একটি মাইক্রোবাস ধাওয়া করে সেটি আটক করে। পরে মাইক্রোবাসে তল্লাশি করে ১৪ লাখ ৭০ হাজার পিচ আমদানি নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট পাওয়া যায়। এ সময় দুই চোরাকারবারীকেও আটক করা হয়।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী সরকার জানান, আটককৃত চোরাচালানীদের মালামালসহ শনিবার সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ দুপুরে তাদের যশোর আদালতে পাঠিয়েছে বলে জানান তিনি।
/আরএ/








