গাজীপুরের পুবাইলে স্মার্ট মেটাল এন্ড কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোরশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সিদ্দিকা জেবুন্নেসা(৪০), মো. সেলিম(৪৫), কাওসার হোসেন(৪০)। জেবুন্নেসা বারইবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দুর্ঘটনার সময় তিনি কারখানার পাশ দিয়ে যাচ্ছিলেন। সেলিম ও কাওসার কারখানার শ্রমিক। অবশিষ্ট দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায় অগ্নিকাণ্ডের সময় অন্তত ৩০ জন ফ্যাক্টরির ভেতর অবস্থান করছিলেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুর, কালিয়াকৈর, কালীগঞ্জ ও টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি দল আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানার ভেতর থেকে আর্তদের বের করে নিয়ে আসার কাজ করছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিরর বজলুর রহমান জানান, কারখানাটিতে পুরনো টায়ার পুড়িয়ে পিচ ঢালাইয়ের তেল তৈরি করা হতো। ত্রুটিপূর্ণ প্রক্রিয়াকরণের জন্য কারখানাটিকে একাধিকবার সতর্ক করে দেওয়া হয়েছিল।
দুর্ঘটনার পর থেকে স্মার্ট মেটাল এন্ড কেমিক্যালের মালিক ইমান উদ্দিন পলাতক রয়েছেন।
/এইচকে/








