ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজবাড়ী সদর উপজেলার ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক বাবুল চন্দ্র সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) তাকে দর্শানোর নোটিশ দিয়েছেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু বলেন, বাবুল চন্দ্র সরকারের বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছিলাম। আগামী তিন কর্ম দিবসের মধ্যে তাকে শোকজের জবাব দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে।
বাবুল চন্দ্র সরকার বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক জয়ন্তী রুপা রায় মহোদয় স্বাক্ষরিত একটি নোটিশ আমি হাতে পেয়েছি। তিন কার্যদিবসের মধ্যে নোটিশটির জবাব দেওয়া হবে।
আরও পড়ুন: ভূমি অফিসের হিসাবরক্ষকের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহাবুর রহমান শেখ বলেন, জেলা প্রশাসন অফিসের যে কোনও কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযাগ উঠলে শোকজ করতে পারেন জেলা প্রশাসক। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ রয়েছে এবং বিষয়টি পরিস্কার বোঝা যাচ্ছে।
বাবুল চন্দ্র সরকারের বিরুদ্ধে ঘুষ ছাড়া ফাইল না ধরার অভিযোগ উঠেছে। এ ছাড়া তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মিস কেস ও নামজারিসহ গুরুত্বপূর্ণ কাজগুলো করতে গিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হন। ভূমি সংক্রান্ত কোনও কাজ করাতে গেলে তাকে ম্যানেজ না করলে ফল মেলে না। তাকে সবাই ‘বাবু সাহেব’ নামে চেনেন। তার সরাসরি ঘুষ নেওয়ার একটি ২৮ সেকেন্ডের একটি ফুটেজ ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায়, নামজারির একটি কাজে তার হাতে টাকা তুলে দিচ্ছেন একজন। এ কাজে তাকে সহযোগিতা করছেন ওই ভূমি অফিসের এক দালাল। ভিডিওর শুরুতে বাবুল চন্দ্র দালালকে বিরক্তির সুরে বলেন, ‘তুমি এই সকাল বেলা কী পচা কামডা (কাজ) নিয়ে আইছো?’ পাশে থাকা লোকটি তখন বললেন, ‘না বাবু পচা না, এগুলো করে দিতে হবে। কোনও উপায় নাই।’ পরে এই কর্মকর্তা আরও কিছু টাকা দাবি করলে (শব্দ অস্পষ্ট) দালাল তাকে ম্যানেজ করার চেষ্টা করেন।









