বরগুনায় পূর্ব শত্রুতার জের ধরে আলম শিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার রাতে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯টার দিকে আলম শিকদারের স্ত্রী হামিদা বেগম পাশের একটি দোকানে ডিম কিনতে গেলে পথে ইদ্রিস তার উপর হামলা চালায়। এ সময় হামিদা বেগমের চিৎকারে স্থানীয় এলাকাবাসী ও তার বড় বোন ছুটে আসে। তখন ইদ্রিস পালিয়ে পার্শ্ববর্তী আলতাফ মল্লিকের ঘরে আশ্রয় নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে। আহত হামিদা বেগমকে চিকিৎসার জন্য পরিবারের লোকজন বরগুনা নিয়ে গেলে বাড়িতে থাকা হামিদা বেগমের স্বামী আলম শিকদারের ওপর স্থানীয় রহিম, মহসিন, নিজাম, খোকন, জালালসহ ৭/৮ জনের একটি দল হামলা চালায়। পরে ঘটনাস্থলে আলম শিকদারের পরিবার ও এলাকাবাসী উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আহত আলম শিকদারের ছেলে বাবু শিকদার বলেন, ‘এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে আমার বাবাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার চেষ্টা করেছিলো। বরগুনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল প্রেরণ করেছে।’
এ বিষয়ে বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম বলেন, হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/আরএ/








