নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজ হওয়ার চারদিন পর এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্থানীয় লাফুনিয়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিরঞ্জন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির নাম মোসলেম ব্যাপারি (৩৬)। তিনি কেন্দুয়া উপজেলার সাধার গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কেন্দুয়া উপজেলার গণ্ডা ইউনিয়নের সাধার গ্রামের গরু ব্যবসায়ী মোসলেম ব্যাপারি গত সোমাবার নিখোঁজ হন। পরিবারের লোকজন একই দিনে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়রি করেন।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে পার্শ্ববর্তী গড়াডোবা ইউনিয়নের ডুমদি গ্রামের পাশের লাফুনিয়া বিলে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে লাশ শনাক্ত করেন।
ওসি বলেন,লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/জেবি/এইচকে/








