বগুড়ার নন্দীগ্রামে আবু বক্কর সিদ্দিক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সজনে গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাই ও ভাতিজার হামলায় তার মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ এপ্রিল) রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নিহত আবু বক্কর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামের ময়েন শাহর ছেলে।
নিহতের ভাই জয়নুল আবেদীন শনিবার নন্দীগ্রাম থানায় হামলার অভিযোগে পিতা-পুত্রসহ চার জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
পুলিশ, এজাহার সূত্র ও স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে আবু বক্কর তার বাড়ির সীমানায় একটি সজনে গাছ লাগাতে যান। এ গাছ বড় হলে ডালপালা সীমানায় ঢুকে যাবে বলে চাচাতো ভাই জাহাঙ্গীর শাহ, তার ছেলে রুহুল আমিন, রুহুল আমিনের শ্যালক মোত্তালেব হোসেন প্রমুখ বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডা হলে তারা আবু বক্করকে লাঠিপেটা করেন এবং কিলঘুষি দেন। মাথায় লাঠির আঘাতে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। রাত ৮টার দিকে স্বজনরা উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাই ও ভাতিজার মারপিটে আবু বক্কর সিদ্দিকের মৃত্যু হয়েছে। লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের ভাই হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।









