ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় এ বি সিদ্দিক (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ মহানগরীর কেওয়াটখালি এলাকার বাসিন্দা।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, নিহত এবি সিদ্দিক শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।
তিনি আরও জানান, আইসিইউতে চিকিৎসাধীন পাঁচ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৫১ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২৭ হাজার ২০৭ জন, সুস্থ হয়েছেন ২৬ হাজার ৬৭৫ জন।








