চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান নোয়াপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এসএম নুরুল আবসার (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই মোটরসাইকেলের আরোহী আতিকুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কমলার দিঘির পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়া এলাকার মৃত আবদুল মোনাফের ছেলে। আহত আতিকুল রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের চাচাতো ভাই এসএম ইউসুফ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার চাচাতো ভাই নুরুল আবসার ওয়েল গ্রুপের একটি সুতা কারখানায় কর্মরত ছিলেন। কাজ শেষে সকাল সাড়ে ৯টায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জয়নাল আবেদিন বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুল আবসার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’








