নেত্রকোনায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলার প্রধান আসামি জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের নাওজোর চৌরাস্তা এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দলটির ১৫ নেতাকর্মী গ্রেফতার হলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শহরের ছোটবাজার এলাকায় জেলা বিএনপির কর্মসূচি পালন করতে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় শহরের প্রধান সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। তখন পুলিশ বিএনপি কর্মীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। এতে পুলিশসহ কমপক্ষে ৩৫ জন আহত হন।
এ ঘটনায় নেত্রকোনা মডেল থানার এসআই খন্দকার আল মামুন বাদী হয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫শ’ জনকে আসামি করা হয়।









