মৌলভীবাজার পৌর শহরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের শ্রীমঙ্গল সড়ক এবং শাহ মোস্তফা সড়কে দুটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদফতর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল-আমিন। তিনি বলেন, ‘মৌলভীবাজার রয়েল মাল্টিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সেবার মূল্য তালিকা না থাকা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না করা, সেবার মূল্য তালিকার সঙ্গে ভাউচার কপির মিল না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শাহ মোস্তফা রোডে অবস্থিত মেসার্স সিফাত মেডিক্যাল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’









