যশোরে ট্রাকচাপায় পুলিশের এসআই আলেক খান (৪৫) নিহত হয়েছেন। সোমবার বেলা সোয়া ১১টার দিকে যশোরের অভয়নগর উপজেলার বর্নি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলেক খান ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি খুলনার ফুলতলা থানার ছাতিয়ানি এলাকায়।
অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, আলেক খান বেলা সোয়া ১১টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে অভয়নগরের বর্নি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান।
ময়নাতদন্তের জন্যে নিহতের মরদেহ যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া রয়েছে বলেও তিনি জানান।
/বিটি/এসটি/








