নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, শনিবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার সেলিম রেজার ছেলে শ্রাবণ রেজা (১৮) এবং একই এলাকার আব্দুর রশিদের ছেলে আমির হামজা (১৮)।
কাঁচপুর শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে ব্রিজ থেকে নামার সময় মোটরসাইকেলটি কোনও ট্রাক বা পিকআপ ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুই আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আমাদের মোবাইল টিম ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাদের মৃত্যু হয়েছে।’
কাঁচপুর হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।









