নারী অভিবাসী শ্রমিকের নিরাপত্তা ও সুরক্ষার দাবি করেছে বাংলাদেশি অভিবাসী নারী শ্রমিক অ্যাসোসিয়েশন। সংগঠনটির উদ্যোগে আজ বুধবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ দাবিতে মানববন্ধন করা হয়।
আরও পড়ুন: সন্তানসহ সৌদি থেকে ফিরলেন আরও এক নারী শ্রমিক
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ রোমানার নেতৃত্বে অর্ধশতাধিক নারী শ্রমিক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।
এ সময় বাংলাদেশি অভিবাসী নারী শ্রমিক অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ বলেন, ‘বিদেশে অভিবাসী শ্রমিকের বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে। এজন্য সরকারি অনুমোদনপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই নারী শ্রমিক পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।’ একই সঙ্গে অতিরিক্ত ব্যয় রোধ ও কর্মঘণ্টা অনুযায়ী ন্যায্য মজুরি পাওয়ার বিষয়টি সরকারকে নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।
আরও পড়ুন: বিদেশে নারীদের কর্মসংস্থান এখনও অনিরাপদ
এ ছাড়া বিদেশে চাকরিকালে স্বাস্থ্য সুরক্ষা ও আইনি সহায়তা দেওয়ার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে সংগঠনের প্রধান সমন্বয়কারী সুলতানা পারভীন, জেলা সমন্বয়কারী মোসলেমা আক্তার, যশোর সদর উপজেলা নেত্রী হাসিনা বেগম উপস্থিত ছিলেন।









