কুমিল্লার চান্দিনার কাঠেরপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন। সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনায় দুমড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেন। সেখানে পুলিশ গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় আনে। আহতদের নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। কোন গাড়ি এই সিএনজিকে ধাক্কা দিয়েছে তা এখনও জানা যায়নি। আমরা খোঁজ নিচ্ছি।’
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।









