কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় ওই মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত চার জনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে সিএনজি অটোরিকশাচালক হাবিবুর রহমান (২২), চান্দিনার মাধাইয়া এলাকার তন্বী (২০), তার মেয়ে মুনতাহা জান্নাত (৬ মাস), অপর জনের পরিচয় জানা যায়নি। তারা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
আহত দুই জনকে স্থানীয় কাবিলা এলাকার ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী বাসযাত্রী জালাল উদ্দিন বলেন, ‘কুমিল্লামুখী একটি সিএনজিচালিত অটোরিকশাটিকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতির বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই নারী যাত্রী মারা যান। আমরা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই এবং পুলিশকে ফোন করি।’
ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট সোলেমান হোসেন বলেন, ‘আমাদের হাসপাতালে আনার পর অটোরিকশার যাত্রী শিশু মুনতাহা জান্নাত এবং চালক হাবিবুর রহমান মারা যান। আহত অপর দুই জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি বলেন, ‘আমরা ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা করছি।’








