গোপালগঞ্জে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মুন্না।
বৃহস্পতিবার গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন নিম্মীর আদালতে জেলা ছাত্রলীগের ওই নেতা মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী শওকত আলী সিকদার জানান, ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহণ করে গোপালগঞ্জ সদর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মুন্না জানান, ২০০৮ সালে তত্ত্ববধায়ক সরকারের সময় ডিজিএফআই সরবরাহকৃত তথ্য যাচাই না করেই প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। ওই রিপোর্টের কারণে শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়। এছাড়া তাকে সামাজিকভাবে হেয় ও হয়রানির শিকার হতে হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিমূলক মানহানিকর সংবাদ পরিবেশন করায় বাদী ও তার সংগঠনের ১০ কোটি টাকার মানহানি ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
/বিটি/টিএন/








