হিজড়াদের মারধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর অক্টয়মোড় এলাকায় হিজড়াদের কবলে পড়েন ওই শিক্ষক। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিন হিজড়াকে আটক করেছে পুলিশ।

রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অশোক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত শিক্ষক কামাল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের সহকারী অধ্যাপক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ৩টার দিকে রাবি শিক্ষক কামাল হোসেন স্ত্রী-সন্তানসহ নগরীর অক্টয়মোড় এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় হিজড়াদের ভ্রাম্যমাণ একটি দল তাদের পথরোধ করে। তারা শিক্ষক কামাল হোসেনের সন্তানকে নিয়ে নাচানাচি করে টাকা দাবি করে। কিন্তু শিক্ষকের কাছ থেকে চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে তারা বাচ্চাকে নিয়ে যেতে উদ্যত হয়। কামাল হোসেন বাধা দিতে গেলে হিজড়ারা তাকে বেধড়ক মারপিট করে। এতে তিনি ঘাড় ও বাম হাতে গুরুতর আঘাত পান।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শিক্ষক কামাল হোসেনের স্ত্রী নীলা খাতুন বলেন, হিজড়ারা টাকা চাইলে আমরা ১০০ টাকা দেই। কিন্তু তারপরও তারা আমার বাচ্চাকে কেড়ে নিয়ে যাচ্ছিল। আমার স্বামী বাধা দিতে গেলে তারা মেরে গুরুতর আহত করেছে।
রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অশোক চৌহান বলেন, ‘এ ঘটনায় তিন হিজড়াকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
/বিটি/টিএন/








