কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় এক যুবকের ঘর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। বুধবার রাতে এই অভিযান চালানো হয়।
এসময় একটি পাইপ গান (এলজি), দুটি রাবার বুলেট, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি এবং একটি লোহার চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতার যুবক চৌদ্দগ্রাম উপজেলার ঝিকড্ডা পূর্বপাড়ার ইউনুছের ছেলে আমির হোসেন ওরফে ল্যাংড়া আমির (৪৫)।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টায় মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পাওয়া না গেলেও ওই ঘরের সিলিংয়ের ওপর থেকে প্লাস্টিকের ব্যাগভর্তি অস্ত্র ও গুলি পাওয়া যায়।’
ওসি আরও জানান, আটক আমিরের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।









