কক্সবাজারের টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিজিবির টেকনাফস্থ ২নং ব্যাটালিয়নে আনুষ্ঠানিক ভাবে এ সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবির টেকনাফস্থ ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিজিবি সদস্য ২০১৫ সালের ২৬ আগস্ট থেকে গত ৩১ জানুয়ারি পর্যন্ত অভিযানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করে। এর মধ্যে ৪৯ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। যার মধ্যে রয়েছে ১৬ লাখ ১০ হাজারের বেশি ইয়াবা। অন্যান্য মাদকদ্রব্যের মধ্যে মিয়ানমারের বিভিন্ন প্রকার মদ, ফেনসিডিল ও গাঁজা রয়েছে।
বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এমএম আনিসুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ ইকবাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফের পরিদর্শক তপন কান্তি শর্মা, টেকনাফ শুল্ক গুদামের পরিদর্শক সৈয়দ গোলাম রব্বানী, টেকনাফ থানার এসআই মো. আরিফুর রহমান প্রমুখ।
/এআর/টিএন/








