ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার টিকেট কালোবাজারিকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী তাদের এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন– আখাউড়ার নূরপুর গ্রামের রানা মিয়া এবং নারায়ণপুর গ্রামের হিরন মিয়া, সদর উপজেলার শ্যামনগর গ্রামের বাদশা মিয়া ও স্বপন মিয়া।
এর আগে সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে রেলওয়ে পুলিশ বিভিন্ন আন্তনগর ট্রেনের ৮৫টি আসনের টিকিটসহ ওই চার জনকে আটক করে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযান চলাকালে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদারসহ রেলওয়ে নিরাপত্তা বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।









