ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পৌনে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ছিল অপেক্ষমাণ যানবাহনের সারি। এতে তীব্র শীতে দুর্ভোগে পড়েন আটকে থাকা যানবাহনের যাত্রী ও চালকেরা।
বুধবার (২৮ ডিসেম্বর) কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সকাল ৬টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে পৌনে ১১টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
সরেজমিন বুধবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কের ক্যানাল ঘাট পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ সারিতে অপেক্ষা করছে যানবাহন। অনেককেই ফেরি বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে নদী পাড়ি দিতে দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহ উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাতে পদ্মা নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়, এ কারণে এ নৌপথে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে বুধবার সকাল ৬টার দিকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে পৌনে ১১টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ পথে ছোট-বড় মোট ১৩টি ফেরি যান পারাপারে চলাচল করছে।









