যশোরে বাসচাপায় মিঠু হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২ জানুয়ারি) দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কে শার্শা উপজেলার হাড়িখালিতে দুর্ঘটনাটি ঘটেছে।
মিঠু ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন সাব কন্ট্রাকটর।
প্রত্যক্ষদর্শীরা ও যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসছিল। মোটরসাইকেলটি একটি রিকশাভ্যানকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসলে ধাক্কা লাগে। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়। তিনি বাগআচড়া এলাকায় একটি ব্রিজের কাজ দেখতে আসছিলেন।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে তবে বাসের চালক ও হেলপার ঘটনার পালিয়ে গেছে।









