মাহফুজ আনামের বিরুদ্ধে আরও ১৪টি মানহানির মামলা, ৫ জেলায় সমন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১২

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে পঞ্চগড়, ঠাকারগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সুনামগঞ্জ, পাবনা, সিলেট, লক্ষ্মীপুর, রংপুর, কুড়িগ্রাম, নাটোর ও খাগড়াছড়িতে আরও বারোটি মানহানির মামলা দায়ের হয়েছে। এর মধ্যে রংপুর, খাগড়াছড়ি, নাটোর ও দিনাজপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। এরমধ্যে দিনাজপুরে একই অভিযোগে রবিবার দুপুরে দায়ের করা মামলায় ওই রাতে সমনটি জারি করা হয়। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে সমন জারির আদেশ দেওয়া হয়।

রংপুরে একশ’ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা দায়ের করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা। সুনামগঞ্জে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম। পাবনায় মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল। অন্যদিকে, লক্ষ্মীপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  মাহফুজ আনামের  বিরুদ্ধে  শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু। খাগড়াছড়িতে ১০ কোটি টাকার মামলা দায়ের করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি টেকো চাকমা। এ নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চারটি নালিশি মামলাসহ মোট ২৬ টি মামলা দায়ের হলো। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই অভিযোগে মানহানির মামলা দায়ের করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এজাবুল হক বুলি। সোমবার দুপুরে দায়ের করা মামলার কৌঁসুলি নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন ডলার।

আদালতের বিজ্ঞ বিচারক মো. নুর নবী আগামী ২৮ এপ্রিল আসামী মাহফুজ আনামকে আদালতে হাজির হবার জন্য সমন জারির আদেশ দেন।

নীলফামারী: মাহফুজ আনামের বিরুদ্ধে সোমবার দুপুরে নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন জেলার ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক আব্দুল হামিদ।

আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সমিউল ইসলাম মামলাটি আমলে নিয়ে চলতি বছরের ৪ এপ্রিলের মধ্যে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্ব্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

ঠাকুরগাঁও: সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে একই অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলাটি গ্রহণ করে সাইফুল ইসলামের আমলী আদালত ১ এ পাঠানো হয়।   

মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আব্দুল হামিদ। ঠাকুরগাঁও আদালত ফৌজদারী কার্যবিধির ১৯৬ ধারা মতে সরকারের অনুমোদনসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও থানার অফিসার্স ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।

পঞ্চগড়: সোমবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিকুল কবিরের আদালতে এই মামলা দায়ের করেন।

আদালত মামলাটিকে আমলে নিয়ে বিকেল পৌনে ৪ টায় পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলামকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

রাজশাহী: রাজশাহীতে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে জেলা সিএমএম (ক) অঞ্চলের বিচারক মকসেদা আসগরের আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে সরকারি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করছেন রাজশাহী জেলা জজ কোর্টের আইনজীবী হাসান রিজভী।

রংপুর: আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মানহানির অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে একশ’ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আলম আগামী ১ মার্চ মাহফুজ আনামকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।

বাদী পক্ষে রংপুরের পিপি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক অ্যাডভোকেটসহ বেশ কয়েকজন আইনজীবী মামলাটি পরিচালনা করেন।

দিনাজপুর: দিনাজপুরে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে আদালতে রবিবার দায়ের করা মামলায় আগামী ১৪ জুনের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। রবিবার রাতে আদালত এ আদেশ দেন।

দিনাজপুর আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও খানসামা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুর রহমান পারভেজ বাদী হয়ে দিনাজপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম আহসানুল হকের আদালতে এই মামলা দায়ের করেন। গত রবিবার দুপুরে এই মামলা দায়ের হওয়ার পর রাতে সমন জারির আদেশ দেন আদালতের বিচারক।

খাগড়াছড়ি: একই অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে খাগড়াছড়িতে ১০ কোটি টাকার মামলা দায়ের করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি টেকো চাকমা। সোমবার দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলাটি দায়ের করা হয়।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান মামলাটি আমলে নিয়ে আগামী ১৬ মার্চ ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

নাটোর: নাটোরে একই অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে অ্যাডভোকেট আলেক শেখ নামে এক ব্যক্তি  নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ এই মামলা দায়ের করেন। বিকেল সাড়ে তিনটার দিকে শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৩০ মার্চ শুনানির জন্য আদালত আসামীকে সশরীরে হাজিরের নির্দেশ দিয়েছেন।

সুনামগঞ্জ: আজ সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিনের আদালতে দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, ২০০৭ সালে এক-এগারো এর গোয়েন্দা সংস্থার সরবরাহকৃত বানোয়াট তথ্য কোনও যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মান-সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন বিবাদী। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি এ কথা স্বীকারও করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে জড়িয়ে এই মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের কারণে ১০০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণ করেন।
মামলার বাদী সৈয়দ আবুল কাশেম বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনার বিরুদ্ধে বানোয়াট সংবাদ প্রকাশ করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। আমি আওয়ামী লীগের একজন নেতা হিসেবে অভিযোগ দায়ের করে আদালতে ন্যায়বিচার প্রার্থনা করছি।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও সাবেক পিপি মো. শফিকুল আলম বলেন, অভিযোগটি আদালত গ্রহণ করেছেন এবং বাদীপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেছেন। পরে এই মামলার আদেশ দেওয়া হবে।

পাবনা: সোমবার বেলা সাড়ে ১১টায় পাবনার আমলি আদালত-১ এর বিচারিক হাকিম রেজাউল করিমের আদালতে একই অভিযোগে পৃথক মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছেন।

মামলার বাদী পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল রহিম জানান, এক-এগারো এর সময় ডেইলি স্টারে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা সংবাদ পরিবেশন করায় তার মানহানি হয়েছে। এজন্য মাহফুজ আনামের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

লক্ষ্মীপুর: সোমবার সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের  বিরুদ্ধে  শত কোটি টাকার  মানহানির মামলা করা হয়েছে। কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু বাদী হয়ে এ মামলা করেন। আদালতের বিচারক  মুহাম্মদ মুনির হোসাঈন  মামলাটি গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য অপেক্ষমাণ রেখেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেন।

সিলেট: রবিবার ছাত্রলীগের দুই নেতার মামলা দায়েরের পর সোমবার আওয়ামী লীগের আরেক নেতা ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ খান সোমবার সকালে তার বিরুদ্ধে ১৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। সিলেটের জৈন্তাপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-ই-খোদার আদালতে মামলাটি দায়ের করা হয়।

আফসার আজিজের আইনজীবী সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট সামসুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলা আমলে নিয়ে অধীনস্থ অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত রবিবার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে (ওয়ান-ইলেভেনের সময়) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই না করে সংবাদ আকারে প্রকাশ করায় সিলেট মহাগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার পৃথকভাবে মাহফুজ আনামের বিরুদ্ধে একশ’ কোটি করে দুশ’ কোটি টাকার দুটি মানহানি মামলা দায়ের করেন।

কুড়িগ্রাম: কুড়িগ্রামেও মাহফুজ আনামের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল মাকসুদুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন জেলা যুবলীগের আহবায়ক রুহুল আমিন দুলাল। মামলাটি আমলে নিয়ে ১৫ মার্চের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে পাঠিয়েছেন আদালত।

মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। এসময় কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন উপস্থিত ছিলেন।

কুমিল্লা: কুমিল্লার আদালতে মানহানির মামলা দায়ের করেছেন জেলা ছাত্রলীগের (উত্তর) শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক যাদব চন্দ্র রায়। সোমবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারেক আজিজ বিকালে মামলাটি আমলে নিয়ে  জেলা তথ্য অফিসারকে তদন্ত করে ২৩মার্চের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভাকেট ফয়সল বারী।

/এআর/টিএন/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের