বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান ইউসুফ শরীফের (৫৩) ওপর হামলার অভিযোগ উঠেছে। আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিপন জোমাদ্দার ও তার সহযোগীরা এই হামলা চালান বলে দাবি করেছেন ইউসুফ শরীফ।তবে শিপন অভিযোগ অস্বীকার করেছেন।
রবিবার রাত সোয়া ১০টার দিকে স্থানীয় বঙ্গবন্ধু কমপ্লেক্সে এই হামলা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে স্থানীয় মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার অনুষ্ঠানে ইউসুফ শরীফের ওপর হামলা হয়।
হামলার ঘটনায় চেয়ারম্যান ইউসুফ শরীফ (৫৩)সহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্যরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির, জাফর শরীফ (৩০) ও মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার আ. মন্নান মৃধা (৬৫)। পুলিশ ঘটানস্থল থেকে আহতাবস্থায় তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে আহত সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ শরীফ বলেন, ‘স্থানীয় মনোনয়ন বোর্ডের সামনে সাক্ষাৎকার দিতে রুমে প্রবেশের সময় আমার ওপর শিপন ও তার সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম বলেন, সংঘর্ষের খবর শুনে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে শিপন জোমাদ্দার দাবি করেন, ‘ইউসুফ শরীফের ওপর হামলার সময় আমি ছিলাম না। আমি আগেই চলে আসি। গত সংসদ নির্বাচনে ইউসুফ নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধিতা করেছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন। এ নিয়ে দলের কর্মীদের সঙ্গে বাদানুবাদ ও পরে হাতাহাতি হয়। এই সংঘর্ষে আমার দুই সমর্থকও আহত হয়েছেন।’
/এআর/এফএস/








