নওগাঁর নাশকতার মামলায় বিএনপির ৬৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নওগাঁ ৫নং আমলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুস কুদ্দুস এ আদেশ দেন। ধামইরহাট থানার ওসি সিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি ধামইরহাট উপজেলার ফার্সিপাড়ায় গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলামসহ ১২৩ জনের নাম উল্লেখ করে নাশকতার একটি মামলা করে। ওই মামলার ৬৯ জন আসামি গতকাল (১৪ ফেব্রুয়ারি) আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার ৩৩ জন আসামি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। আর বাকিরা পলাতক।
তদন্ত শেষ না হওয়ায় এখন পর্যন্ত এই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়নি। বিএনপি নেতাকার্মীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী আব্দুর রাজ্জাক। তার সঙ্গে ছিলেন আইনজীবী এসএম অনুরুদ্ধ রহমান সুমন। আদালতে রাষ্ট্রপক্ষে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক এসময় উপস্থিত ছিলেন।
আইনজীবী রহমান সুমন বলেন, মাত্র একটি মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় ১২৩ জনের নাম জড়িয়ে যে মামলাটি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং হয়রানিমূলক। বিশেষ ক্ষমতা আইনের মামলা ছয় মাসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা দেয়নি। এই মামলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন বলেই পুলিশ এতোদিনেও আদালতে চার্জশিট জমা দিচ্ছে না।
/এআর/টিএন/








