তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা প্রদান ও রংপুরসহ উত্তরাঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষার দাবিতে শুরু হয়েছে লং মার্চ। সোমবার রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) এর কয়েক শত নেতাকর্মী গাড়ি বহর নিয়ে এ লংমার্চে অংশ নেন।
এর আগে সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বাসদ সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা পলাশ কান্তি নাগ, রোকনুজ্জামান রোকনসহ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ভারত তিস্তা নদীর উজানে গজলডোবায় একতরফা বাঁধ নির্মাণ করে পানির প্রবাহ বন্ধ করে দেওয়ায় তিস্তা নদী পানিশূন্য হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে যেখানে তিস্তা নদীর পানির প্রবাহ কমপক্ষে ৮ হাজার কিউসেক থাকার কথা সেখানে পানির প্রবাহ এক হাজার কিউসেকে নেমে এসেছে। পানির অভাবে এ নদীর পানির ওপর নির্ভরশীল রংপুর বিভাগের ৮ জেলার ৩ লাখ হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। এতে করে এ অঞ্চলে অন্তত ৬শ’ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। তিস্তা নদী পানিশূন্য হয়ে পড়ায় এবার মাত্র ১০ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করছে কৃষকরা। অথচ এই নদীর পানির ওপর নির্ভর করে এ অঞ্চলের লাখ লাখ কৃষক বোরো ধান চাষ করা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে তিস্তা নদীর পানির প্রবাহ সর্বনিম্ন পর্যায়ে চরে যাওয়ায় পুরো উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বক্তারা আরও বলেন, মৎস্যজীবীসহ হাজার হাজার মানুষ বেকার হয়ে দিন কাটাচ্ছে। অবিলম্বে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
/এআর/টিএন/








