গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রবিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ১ মিনিটে শুরু হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলাম সকাল পৌনে ১১টায় ইজতেমা মাঠের পুলিশ কন্ট্রোল রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।
জিএমপি কমিশনার বলেন, ‘দূর-দূরান্ত এবং ঢাকার আশপাশ থেকে ধর্মপ্রাণ মুসুল্লিরা আসছেন। সে বিষয়টি বিবেচনা করে শুরা সদস্যরা আমাদের জানিয়েছেন, ১২টা ১ মিনিটে মোনাজাত শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘যে প্রক্রিয়ায় প্রথম পর্ব শেষ করেছি, একই প্রক্রিয়ায় সুষ্ঠু ও সুন্দরভাবে দ্বিতীয় পর্বও শেষ হবে বলে প্রত্যাশা করছি। ফিরতি মুসুল্লিদের জন্য বিশেষ ১০টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আমরা জানতে পেরেছি, ইজতেমা উপলক্ষে নতুন মেট্রো রেলের সংখ্যাও বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত দুই পর্বের ইজতেমায় কোনও ধরনের দুর্ঘটনা ঘটেনি। ইনশাল্লাহ, প্রত্যাশা করছি ইজতেমা সুন্দরভাবে শেষ হবে।’
নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘সব মিলিয়ে যেকোনও বছরের তুলনায় এবার নিরাপত্তা খুব সুন্দর এবং গোছানো ছিল। সড়ক বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নেবো। মোনাজাতে অংশ নেওয়ার জন্য প্রয়োজন হলে সড়ক বন্ধ করবো। এখন পর্যন্ত সড়ক চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। মুসুল্লিদের সংখ্যা বাড়লে টঙ্গী এবং কামারপাড়া সড়ক বন্ধ করে দেবো। তবে কামারপাড়া সড়ক এখন বন্ধ আছে।’









